Wednesday, 28 December 2016

বোম্বে চিকেন বিরিয়ানি


উপকরণ:
———-
বড় মুরগি – ১ টি (৬-৮ টুকরা)
বাসমতি চাল বা পোলাউ চাল – ১ কেজি
এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ – ৪ টি করে
টকদই – ১ কাপ
আদা- রসুন বাটা – ১ টেবিল চামচ করে
হলুদ গুঁড়া ১/২ চা চামচ
জিরা গুঁড়া -১ চা চামচ করে
মরিচ গুঁড়া – ১ চা চামচ
পেঁয়াজ কুচি – ১ কাপ
শান বা মেহেরান বিরিয়ানি মশলা ১ টেবিল চামচ
টমেটো পেস্ট বা কুচি – ২ টি (টুকরো করা)
গরম মশলা গুঁড়া – ১ চা চামচ
শাহ জিরা হাফ চা চামচ
লেবুর রস – ২ টেবিল চামচ
কাঁচামরিচ – ৫-৬ টি
পুদিনা পাতা কুচি – ১ টেবিল
ধনেপাতা কুচি – ২ টেবিল
ঘন দুধ – ১/২ কাপ (জাফরান মিশানো)
লবণ – পরিমাণমতো
তেল – ১ কাপ
ঘি – ৪ টেবিল চামচ
বেরেস্তা হাফ কাপ

প্রণালিঃ
————-
প্রথমে চাল ধুয়ে ,১০ মিনিট ভিজিয়ে রেখে ,পানি ঝরিয়ে নিন । এখন একটি পাত্রে ঘি ও অল্প তেল দিয়ে গরম করে , আস্ত গরম মশলা , শাহ জিরা ও অল্প আদা- রসুন বাটা , একটু পেয়াজ কুচি দিয়ে ভেজে চালের সমান পানি দিন , লবন দিন পরিমান মত । পানি বলক আসলে এবার চাল গুলো দিয়ে নেড়ে ঢেকে রান্না করুন চাল হয়ে যাওয়া পর্যন্ত । চাল সিদ্ধ হয়ে পানি শুকায় আসলে চুলার আঁচ একদম কমিয়ে দিন ।
এবার , চিকেন রান্না করে নিতে হবে । চিকেন ভাল করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন । এখন তাতে সব বাটা , গুঁড়া মশলা , লবন ও দই , টমাটো পেস্ট হলে চিকেনের সাথে দিয়ে ভাল করে মেখে মেরিনেট করে রাখুন ১ ঘন্টা । এই প্রসেসটা পোলাউ রান্নার আগেই করে রাখতে হবে ।এবং চিকেন টাও রান্না করে রাখতে হবে ।
এখন পাত্রে , তেল গরম করে পেঁয়াজ বাদামি করে ভেজে টমেটো কুচি হলে তা তেলে দিয়ে ভুনতে হবে। এবার ম্যারিনেট করা মাংস দিয়ে কষাতে হবে কিছুক্ষণ । এবার ধেকে মিডিয়াম আচে রান্না করুন চিকেন সিদ্ধ হওয়া পর্যন্ত । প্রায় সিদ্ধ হয়ে আসলে লেবুর রসটা , কাঁচামরিচ ও অল্প বেরেস্তা দিয়ে নেড়ে ২ মিনিট রেখে মাখা মাখা হলে নামিয়ে নিন । এবার একটি বড় পাত্রে প্রথমে রান্না করা ভাত নিয়ে বিলিয়ে দিন তারপর রান্না করা মাংস দিয়ে , উপরে বেরেস্তা , কাঁচামরিচ ।ধনেপাতা ও পুদিনা পাতা কুচি ছিটায় দিন । একদম উপরে আবার পোলাউ ভাত দিন বেরেস্তা ছিটায় , দুধ জাফ্রানের মিশ্রন দিন চারদিকে , ১ চা চামচ মত ঘি ছিটিয়ে দিয়ে ঢেকে ২০ -২৫ মিনিট মিনিট তাওয়ার উপর দমে রাখুন । হয়ে গেলে নামিয়ে অল্ন্রআলতো করে নেড়ে নিয়ে পরিবেশন করুন কাবাব , সালাদ এর সাথে মজাদার বোম্বে চিকেন বিরিয়ানি ।

আলু-ডিমের বিরিয়ানি রেসিপি


যা যা লাগবে :

বাসমতি চাল /পোলাউ চাল ২ কাপ
তেল ১ টেবিল চামচ
গরম পানি ২ লিটার
জিরা ১ চা চামচ
এলাচ ৩ টি
তেজপাতা ২ টি
লবঙ্গ ৫ টি
গোলমরিচ ৫ টি
দারচিনি ১ টি
আদা বাটা ২ চা চামচ
হলুদ গুড়া ১/২ চা চামচ
ধনে গুড়া ২ চা চামচ
টকদই ১/২ কাপ
মরিচ গুড়া ২ চা চামচ
গরম মশলা ১ চা চামচ
কাচা মরিচ ২ টি
ধনে পাতা কুচি ১/২ কাপ
সিদ্ধ আলু ৬/৭ টি
সিদ্ধ ডিম ৬ টি
( ১ চা চামচ তেল ,১/২ মরিচ গুড়া ,১/২ হলুদ গুড়া দিয়ে ভালো ভাবে ভেজে নিন )

বিরিয়ানির লেয়ারের জন্য :
স্যাফরন/জাফরান এক চিমটি ,২ টেবিল চামচ গরম দুধে ভিজানো ১০ মিনিট
ধনে পাতা কুচি ১/৪ কাপ
পেয়াজ বেরেস্তা ১/২ কাপ
ঘি ২ টেবিল চামচ

প্রণালী :

প্রথমে চাল ধুয়ে গরম পানিতে চাল ছেড়ে দিন , ১ টি তেজপাতা ,১ টি এলাচ ,২ টি লবঙ্গ ,১ চা চামচ লবন দিয়ে সিদ্ধ করুন।
চাল যখন ৮৫% থেকে ৯০% থেকে সিদ্ধ হবে তখন পানি ঝরিয়ে ফেলুন।
প্যানে তেল গরম করে জিরা ,বাকি তেজপাতা ,এলাচ ,লবঙ্গ ,গোলমরিচ আর দারচিনি দিয়ে ১/২ মিনিট ভাজুন , এবার টকদই আর বাকি গুড়া /বাটা মশলা গুলো দিয়ে কয়েক মিনিট কষাতে থাকুন।
এবার ১/২ কাপ পানি দিয়ে আলু ,কাচামরিচ আর ধনে পাতা দিন ,ঢেকে রান্না করুন আরো ১০ মিনিট ,তবে মাঝারি আচে।
ভাজা ডিম গুলো দিয়ে দিন ,কয়েকমিনিট রান্না করুন যাতে ঝোল টা মাখামাখা হয়ে আসে।
এবার বড় একটি পাতিলে প্রথমে অল্প পোলাউ দিন ,তারপর আবার ডিম আর আলুর ঝোল দিন ,অর্ধেক ধনে পাতা কুচি আর পেয়াজ বেরেস্তা দিন। তারপর বাকি পোলাউ আর ডিম আলুর ঝোল দিন। উপর দিয়ে বাকি পেয়াজ বেরেস্তা ,ধনেপাতা কুচি আর দুধে ভিজানো স্যাফরন ছড়িয়ে দিন।
একদম কম আচে চুলে দিয়ে ২০ মিনিট দমে রাখুন।
সালাদ দিয়ে গরম গরম বিরিয়ানি পরিবেশন করুন !

খাসির কাচ্চি বিরিয়ানি


উপকরণ : খাসির মাংস ৬ কেজি (প্রতি কেজিতে ৮ থেকে ১০ টুকরা হবে), লবণ ২৫০ গ্রাম বা কিছুটা বেশি, আদা বাটা ১ কাপ, রসুন বাটা ১ কাপ, দই ২ কাপ,  জাফরান ২ গ্রাম, দারচিনি ও এলাচ গুঁরো দুই চা চামচ করে, লবঙ্গ কয়েকটা, জয়ত্রী ২ চিমটি, শাহী জিরা আধ চা চামচ, আস্ত দারচিনি ও লবঙ্গ কয়েকটা, কাবাব চিনি ১ চা চামচ, সাদা গোলমরিচের গুরো ২ চা চামচ, পেস্তা বাদাম ৫০ গ্রাম, তেজপাতা ৫ থেকে ১০টা, গোল আলু ১০টা (প্রতিটা ৪ টুকরো), পেঁয়াজ কুচি ভাজা পরিমাণমতো, ভালো সুগন্ধি লম্বা চাল ৩ কেজি।

প্রণালি : মাংস ধুয়ে নিন। এবার দইয়ের মধ্যে দারচিনি ও এলাচ গুরো , জাফরান মিশিয়ে দইটা মাংসে মেশান। এরপর জয়ত্রী, সাদা গোলমরিচ, আদা রসুন বাটাসহ বাকি সব মসলা মাংসে মেশান। চালটা আলাদা সেদ্ধ করে নিন। পেঁয়াজ কুচি ভাজা করে নিন। আলুর টুকরাগুলো ভেজে নিন। এবার মশলা মাখানো মাংস রান্নার হাঁড়িতে ঢেলে সাজিয়ে নিন। তার ওপর ভাজা আলু ও পেঁয়াজ কুচি ভাজা ছড়িয়ে দিন। এবার মাংসের ওপরে সেদ্ধ চাল সমান করে বিছিয়ে নিন। হাঁড়ির নিচে কাঠ ও কয়লা দিয়ে আচ দিন। হাঁড়ির মুখে ঢাকনা দিয়ে চারপাশ আটা দিয়ে বন্ধ করে দিন। তিন থেকে চার ঘণ্টার মধ্যে তৈরি হয়ে যাবে খাসির কাচ্চি বিরিয়ানি।
টিপস:
মাংস রান্না করার আগে লবণ জলে ভিজিয়ে রাখুন কয়েক ঘণ্টা। মাংস লবণে থাকার কারণে নরম হয়ে যাবে এবং সহজে সেদ্ধ হবে। ধুয়ে রান্না করুন।

মটন বিরিয়ানি


মাংস রান্নার উপকরণঃ খাসির মাংস – দেড় কেজি, তেল – ১/২ কাপ ,ঘি – ২ টেবিল চামচ ,পেঁয়াজ কুচি – ১ কাপ ,, আদা বাটা – দেড় টেবিল চামচ , রসুন বাটা – ১ টেবিল চামচ , আস্ত কাঁচালংকা – ১২ টি, এলাচ, দারুচিনি – ৪টি করে , দুধ, টক দই – ৩/৪ কাপ করে , আলুবোখারা – ৭টি , বিরিয়ানি মসলা – ১ চা চামচ,কেওড়া জল – ১ টেবিল চামচ , পেঁয়াজ বেরেস্তা – ২ টেবিল চামচ , টমেটো সস – ২ টেবিল চামচ , লবণ স্বাদমতো , চিনি – ১ চা চামচ।পোলাওর চাল – ৭৫০ গ্রাম , জল – চালের দেড় গুণ,লবণ – স্বাদমতো, এলাচ, দারুচিনি – ৪টি করে।  পেঁয়াজ বেরেস্তা – ১/২ কাপ ,চিনি – দেড় চা চামচ ,  গুঁড়া দুধ – ২ টেবিল চামচ , ঘি – ১/২ কাপ , কিশমিশ ও বাদাম কুচি – প্রয়োজনমতো , আস্ত ছোট আলু (বা টুকরা)- ২ কাপ।  বিরিয়ানি মসলা – ১ চা চামচ।

প্রণালিঃ ১নং -
                       তেল ও ঘি গরম করে তাতে পেঁয়াজ কিছুক্ষণ নেড়ে কাঁচালংকা দিন । বাদামি হয়ে এলে আদা, রসুন, এলাচ, দারুচিনি, টক দই ও লবণ দিয়ে মাখা মাংস দিন । মাংস কিছুক্ষণ কষিয়ে অল্প জল দিয়ে ঢেকে দিন । ফুটে উঠলে কেওড়া জল, আলুবোখারা, টমেটো সস ও দুধ দিয়ে আবারো ঢেকে দিন । মাংস সিদ্ধ হয়ে জল শুকিয়ে এলে পেঁয়াজ বেরেস্তা ও বিরিয়ানি মসলা ছিটিয়ে ১৫ মিনিট অল্প আঁচে ঢেকে রাখুন ।
              ২নং -
                      আলুতে সামান্য লবণ মেখে তেলে ভেজে রাখুন । একটি বড় পাত্রে জল, ঘি, গুড়ো দুধ, এলাচ, দারচিনি, ১ টেবিল চামচ বেরেস্তা, লবণ ও চিনি দিয়ে উনানে বসান । ফুটে উঠলে চাল দিয়ে ঢেকে দিন । জল শুকিয়ে চালের সমান হলে ১০ মিনিট অল্প আঁচে ঢেকে রাখুন ।
              ৩নং
                      ১০ মিনিট পর পোলাওর সাথে রান্না করা মাংস, ভাজা আলু, বিরিয়ানি মসলা, কিশমিশ, বাদাম কুচি ও বাকি বেরেস্তা দিয়ে ভালো করে মিশিয়ে দিন । এবার একটি তাওয়ার উপর অল্প আঁচে আরও ২০ মিনিট অল্প আঁচে ঢেকে রাখুন । চাল পুরোপুরি সিদ্ধ হলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ।

রাজস্থানী চিকেন বিরিয়ানি


উপকরণ-১ : বাসমতী চাল ২৫০ গ্রাম, কাঁচালংকা ২টি, পুদিনা পাতা কুচি আধ কাপ, ছোট এলাচ ৪টি, শাহি জিরা আধ চা চামচ, লবণ আন্দাজমতো, সিরকা ১ টেবিল চামচ। চাল ১ ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। ১ লিটার জলে সবকিছু দিয়ে আধাসেদ্ধ করে নিতে হবে।

উপকরণ-২ : মুরগি বড় ১টি (পিস করা), কাঁচালংকা বাটা ১ চা চামচ, ধনেপাতা বাটা ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, ধনে ভাজা গুরো ১ চা চামচ, জিরা ভাজা গুরো ১ চা চামচ, গোলমরিচ গুরো আধা চা চামচ, তেল আধ কাপ।

উপকরণ-৩ : পেঁয়াজ কুচি ১ কাপ, পুদিনা পাতা কুচি ২ টেবিল চামচ, তেল আধ কাপ, আদা কুচি ১ টেবিল চামচ, এলাচ ছেঁচা ২টি, লেবুর রস ১ টেবিল চামচ, কাঁচালংকা কুচি ১ চা চামচ। প্যানে তেল দিয়ে পেঁয়াজ বাদামি করে ভেজে একে একে সব দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেবে। জাফরান আধ কাপ দুধে গুলে নিতে হবে। ঘি আধ কাপ।

প্রণালী : প্রথমে হাঁড়িতে অর্ধেকাঁ ঘি গরম করে সেদ্ধ ভাত দিয়ে তার ওপর ভাজা পেয়াজ দিয়ে মুরগির মাংস দেব। এভাবে দুবার দিয়ে একদম শেষে জাফরান, বাকি ঘি ও একমুঠো ভাজা পেয়াজ  ওপরে ছিটিয়ে ১৫ থেকে ২০ মিনিট ভাপে রেখে নামিয়ে সালাদ দিয়ে গরম গরম পরিবেশন।

স্পেশাল এগ বিরিয়ানি


উপকরণ:
২ কাপ পোলাও চাল,৬ টি বড় ডিম,পেঁয়াজ কুচি ১ কাপ,১০ টি কাঁচা লংকা ২ ভাগে বিভক্ত,একটি তেজপাতা,৪টি লবঙ্গ,আধ চা চামচ লংকার গুঁড়ো,এলাচ দারচিনি ও কিসমিস,এক চামচ করে চামচ আদা ও রসুন বাটা,এক চা চামচ বিরিয়ানি মসলা,১/২ কাপ ঘি ও তেল মেশানো,লবণ পরিমাণমত,হলুদ সামান্য,ধনে পাতা,পুদিনা পাতা,ফুটন্ত গরম জল ৩ কাপ।

প্রণালী:
প্রথমে কড়াই এ তেল দিয়ে ছয়টি ডিম ভেজে নিন হালকা হলুদ মাখিয়ে।এরপর আরেকটু তেল গরম করে অর্ধেকটা পেয়াজ ভেজে নিন। সাথে দিন এলাচ ও দারচিনি।পেঁয়াজ লাল হলে একে একে সব বাটা ও গুঁড়ো মসলা এবং লবণ একসাথে যোগ করুন। এগুলো লাল রং না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। অল্প জল দিয়ে ভালো করে কষান। ডিম গুলো দিয়ে দিন। ঝোল মাখা মাখা হলে নামিয়ে ফেলুন।হাঁড়িতে তেল ও ঘি গরম করে বাকি অর্ধেক পেয়াজ দিন। গরম মশলা ও কিসমিস দিন। চাল দিয়ে মিনিট খানেক ভেজে নিয়ে এতে লবণ দিন।চাল থেকে মিষ্টি গন্ধ বের হলে ফুটন্ত জলটা দিয়ে দিন। একই সাথে ডিমের তরকারি মিশিয়ে দিন। বিরিয়ানি মশলা দিন। ভালো করে নাড়ুন।ঢাকনা দিয়ে মাঝারি আচে রান্না করুন। চাল আধ সেদ্ধ হয়ে পানির ওপরে উঠে আসলে আচ একদম কমিয়ে ভাপে দিয়ে দিন বিরিয়ানি। ঢাকনা ভালো করে আটকে দেবেন।ধনে পাতা পুদিনা পাতা ছিটিয়ে পরিবেশন করুন গরম গরম। আপনি চাইলে হলুদ নাও দিতে পারেন।

এগ বিরিয়ানি


উপকরণঃ
ডিম ৪ টে (সিদ্ধ),ঘি ১/২ কাপ,বাসমতী চাল ২ কাপ,পেঁয়াজ ১ টি (বড়, কুচি করা),তেজপাতা ২ টি,দারচিনি ১ টি,এলাচ ৪ টি,রসুন ২ কোয়া (থেঁতলানো),হলুদ গুরো ১/২ চা চামচ,লংকা গুরো ১/২ চা চামচ,গরম মশলা গুঁরো ১ চা চামচ,জল ২ কাপ (উষ্ণ গরম),ধনেপাতা কুচি সামান্য (ঐচ্ছিক),লবন স্বাদ মতো।

প্রণালীঃ
সিদ্ধ করা ডিমে কাঁটা চামচ দিয়ে হালকা ভাবে দুই তিন টে আঁচর কেটে নিন, যেন ডিমের উপরের অংশ তেলে দিলে ছিটে না ওঠে। একটি সসপ্যানে মাঝারী আঁচে ঘি গরম করে পেঁয়াজ, রসুন, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে সোনালি করে ভাজুন। এবার ডিম গুলো সসপ্যানে দিয়ে হলুদ ও লংকা গুঁরো দিয়ে ৫ মিনিট ভাজুন। চাল ধুয়ে দিন এবং হালকা ভাবে সাবধানে ২ মিনিট ভাজুন, জল ও লবন যোগ করুন। চাল সিদ্ধ হয়ে গেলে এবং জল শুকিয়ে এলে উপরে গরম মশলা ছড়িয়ে দিন। ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

চিংড়ি বিরিয়ানি


চালের জন্য :
বাসমতি বা যেকোনো সুগন্ধি চাল ২ কাপ,দারচিনি ১ টি,লবন ১/২ চা চামচ,লবঙ্গ ৫ টি,এলাচ ৫ টি,
১ লিটার জল গরম করে তাতে আস্ত গরম মশলা আর লবন দিন। জল ফুটে উঠলে তাতে আগে থেকে ভিজিয়ে রাখা চাল ঢেলে দিন। চাল ফুটে উঠলে জল ঝরিয়ে আলাদা করে রাখুন। চাল ভিজিয়ে রাখার কারণে আর গরম জলের কারণে খুব তারাতারি চাল সিদ্ধ হয়ে যাবে।

চিংড়ির জন্য :
চিংড়ি ৪০০ গ্রাম (খোসা ছাড়ানো ),আদা রসুন বাটা ২ চা চামচ,লবন সামান্য,লংকা গুরো ১ চা চামচ,দারচিনি ১টি,আস্ত জিরা ১ চা চামচ,তেজপাতা ১ টি,এলাচ ৫ টি,পেয়াজ ভাজা ১ কাপ,টকদই ১ কাপ,তেল ১/২ কাপ,ধনে পাতা কুচি,মাশরুম ১/২ কাপ কুচি করা।

প্রণালীঃ
চিংড়ি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে তাতে আদা বাটা , রসুন বাটা ,লংকার গুরো আর লবন দিয়ে মাখিয়ে রাখুন ৩০ মিনিট।প্যানে তেল গরম করে গরম মশলা গুলো দিয়ে দিন।সুগন্ধ বের হলে তাতে চিংড়ি , মাশরুম দিয়ে ৪ মিনিট ভাজুন মাঝারি আচে।ভাজা চিংড়ি গুলো তুলে আলাদা করে রাখুন।একই তেলে টকদই ,পেয়াজ ভাজা ,ধনে পাতা দিন। ৫ মিনিট রান্না করে এতে আবার ভাজা চিংড়ি গুলো দিয়ে দিন।২মিনিট রান্না করুন ,এইসময় প্যান ঢেকে রাখুন।ঢাকনা খুলে সিদ্ধ চাল দিয়ে দিন ,পালং শাক দিন।ঢেকে মাত্র ৫ মিনিট রান্না করুন।লবন চেখে দেখুন ,কম মনে হলে আরো দিন। গরম গরম পরিবেশন করুন মজাদার চিংড়ি বিরিয়ানি।

দম বিরিয়ানি


উপকরণঃ 
খাসির মাংস ১ কিলো (২ ইঞ্চি টুকরো করে কেটে নিন),বাসমতি চাল ২ কাপ,পেঁয়াজ ৪টি (কুচি করে ভেজে নিন),দই ২ কাপ,আদা ৪ টুকরো ,হলুদ গুরো  ১ চা চামচ,রসুন কোয়া ২০টা,কাঁচা লংকা কুচি ২টা,মরিচ গুরো ২ চা চামচ,জাফরান দেওয়া দুধ ২ চা চামচ,অলিভ অয়েল ৫ টেবিল চামচ,গরম মসলা ২ চা চামচ,এলাচ গুরো আধ চা চামচ,লবঙ্গ ৬টা,দারচিনি ১ টুকরো ,কাঁচা এলাচ ৫টি,শুকনো এলাচ ১টি,গোলমরিচ ১০টি,শাহি জিরা পাউডার আধ চা চামচ,ধনেপাতা কুচি ১ কাপ,পুদিনা পাতা কুচি আধ কাপ ,গোলাপ জল ১ চা চামচ,লবণ স্বাদমতো।

প্রণালীঃ 
অর্ধেক আদা ও রসুন ভালো করে মিশিয়ে নিন।কিছু আদা স্লাইস করে কাটুন।মাংসের সঙ্গে দই, আদা, রসুন, কাঁচা লংকা , লংকার গুরো , হলুদ গুরো , লবণ, পেঁয়াজ কুচি ভাজা, লেটুসপাতা মিশিয়ে নিন।লবঙ্গ, দারচিনি, কাঁচা ও শুকনো এলাচ, গোল মরিচ, লবণ পাতলা রুমালে বেঁধে রাখুন।
কড়াইয়ে ৫ কাপ জল দিয়ে রুমালে বাঁধা মসলা দিন।এরপর লবণ, শাহি জিরা পাউডার এবং চাল দিয়ে আধ সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।ঢাকনা খুলে অর্ধেক চাল উঠিয়ে মাঝখানে গর্ত করে মেরিনেড করা মাংস দিয়ে বাকি চাল দিয়ে ঢেকে দিন।আধা ঘণ্টা পর নামিয়ে পরিবেশন করুন।

মোগলাই মুর্গ বিরিয়ানি


উপকরণ :
১:
মুরগি এক কেজি চার টুকরো ,আদা রসুন বাটা দুই চা চামচ,গরম মসলা গুরো এক চা চামচ,তন্দুরি মসলা দুই চা চামচ,লেবুর রস দুই টেবিল চামচ,ঘি দুই টেবিল চামচ,সয়াবিন তেল দুই টেবিল চামচ,
টক দই পৌনে এক কাপ,লবণ স্বাদমতো এবং অল্প জাফরান ।
 ২:
পোলাওয়ের চাল ৫০০ গ্রাম,গরম জল দেড় লিটার,আদা বাটা এক চা চামচ,আস্ত এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ তিনটি করে,কাঁচা লংকা পাঁচটি,লবণ স্বাদমতো,গুঁড়ো দুধ এক টেবিল চামচ,চিনি এক চা চামচ,পেঁয়াজ কুচি আধ কাপ,ঘি এক কাপ,কেওড়া বা গোলাপ জল এক টেবিল চামচ।

প্রণালি :
১:
মুরগি চার টুকরো করে ধুয়ে ভালোভাবে জল নিংড়ে নিন। মুরগির গায়ে ছুরি দিয়ে আঁচড় কেটে দিন।সব উপকরণ দিয়ে মুরগি ম্যারিনেট করে রাখুন দুই ঘণ্টা।এবার মুরগির টুকরাগুলো ২০ মিনিট গ্রিল করুন বা কয়লার আগুনে ঝলসান ।হালকা বাদামি রং হবে।
 ২:
আগুনে হাঁড়ি চাপিয়ে ঘি দিন।গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভাজুন। অর্ধেক ভাজা পেয়াজ তুলে রাখুন।এবার গোটা গরম মসলা দিয়ে আগে থেকে ধুয়ে রাখা চালে আদা বাটা দিন।চাল সামান্য ভেজে জল দিন। গুঁড়ো দুধ ও লবণ দিয়ে নেড়ে ঢেকে দিন।চাল ফুটে উঠলে কাঁচা লংকা , চিনি ও মটরশুঁটি দিয়ে নেড়ে ঢেকে দিন।পোলাওয়ের জল টেনে এলে অর্ধেক পোলাও উঠিয়ে গ্রিল করা বা ঝলসান মাংস দিয়ে বাকি পোলাও দিয়ে ঢেকে ওপরে কেওড়া জল ছড়িয়ে ৩০ মিনিট ভাপে রাখুন।তুলে রাখা ভাজা পেঁয়াজ মিশিয়ে নিন। হয়ে গেলে বাটিতে ঢেলে পরিবেশন করুন।

ভেজ বিরিয়ানি



উপকরণ :
রান্না করা ভাত ২ কাপ,পেয়াজ কুচি হাফ কাপ,কাচা লংকা কুচি ইচ্ছামত,সবজির ছোট টুকরো ২ কাপ,আদা রসুন বাটা ১ চা চামচ,ধনে গুরো  ,জিরা গুরো  ,লংকার গুড়ো ১ চা চামচ করে,হলুদ গুরো  হাফ  চা চামচ,লবন পরিমানমত, তেল ২ টেবিল চামচ,ধনে পাতা ও পুদিনা পাতা সাজানোর জন্য।

প্রণালী :
তেলে পেয়াজ ভেজে নিন , ভাজা হলে আদা বাটা ,রসুন বাটা , আর গুরো মশলা গুলো দিয়ে দিন। অল্প ভেজে সবজি গুলো দিন। ছোট ছোট টুকরো  হওয়ার কারণে সবজি তারাতারি সিদ্ধ হয়ে যাবে। লবন দিয়ে ভাজতে থাকুন। ভাত দিয়ে দিন। ৩ টেবিল চামচ জল দিয়ে ভাজতে থাকুন। ভালো ভাবে ভাজা হয়ে গেলে নামিয়ে পুদিনা পাতা ও ধনে পাতার কুচি ছড়িয়ে পরিবেশন করুন মজাদার ভেজ বিরিয়ানি।

সহজ বিরিয়ানি

উপকরণ :
 মুরগির মাংস দেড় কেজি, সয়াবিন তেল ৩০০ গ্রাম, আদা বাটা ৬ চা চামচ, রসুন বাটা ৬ চা চামচ, এলাচ, দারচিনি, তেজপাতা পরিমাণমতো, শুকনো লংকা বাটা আড়াই চা চামচ, হলুদ বাটা আড়াই চা চামচ, লবণ পরিমাণমতো, কাজু বাদাম বাটা ১০০ গ্রাম, পেস্তা বাদাম বাটা ১০০ গ্রাম, পোলাওর চাল ১ কেজি, সয়াবিন তেল ২০০ গ্রাম, ঘি ১৫০ গ্রাম, গোলাপজল পরিমাণমতো, এলাচ, দারুচিনি, তেজপাতা পরিমাণমতো, আদা বাটা ৩ চা চামচ, রসুন বাটা ৩ চা চামচ, লবণ পরিমাণমতো, তরল দুধ ৫০০ মি.লি.।

প্রস্তুত প্রণালি :
চাল ১০ মিনিট ভিজিয়ে রেখে আস্ত গরম মশলা ও লবণ দিয়ে অল্প সিদ্ধ করুন ।মুরগির সঙ্গে প্রয়োজনীয় সব মসলা ও উপাদান মিশিয়ে ১০ মিনিট ফ্রিজে রাখুন।একটি পাত্র গরম করে মাংস টি ১০ মিনিট কষান। অল্প সিদ্ধ হওয়া পোলাও চাল কষানো মাংসের সঙ্গে যোগ করে ১৫ মিনিট রান্না করুন।এর পর ১কাপ জল দিন। অল্প আচে ঢাকা দিয়ে জল টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। 

হায়দ্রাবাদী বিরিয়ানি


উপকরণ : মাংস(মুরগি বা পাঠা যা পছন্দ) ১ কেজি, পোলাওর চাল ৫০০ গ্রাম,জিরা গুড়ো ১ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ,  দুধ ১ কাপ, ধনে গুড়ো ১ টেবিল চামচ ,  তেল বা ঘি ৩/৪ কাপ, লবণ স্বাদ অনুযায়ী। গোলমরিচ ৬টি, পেঁয়াজ কুচি  ১ কাপ, এলাচ ৪টি, আদা বাটা ১ টেবিল চামচ, দারচিনি  ৪ টুকরো, রসুন বাটা  ১ চা চামচ, জায়ফল ১/২ চা চামচ, দই ১/২ কাপ, জৈত্রী ১/২ চা চামচ, কাঁচালংকা ২০টি।

প্রস্তুত প্রণালী: গোলমরিচ, এলাচ, দারচিনি, জায়ফল ও জৈত্রী গুঁড়া করুন।মাংস ছোট টুকরা করে ধুয়ে জল ঝরান। মাংসে অর্ধেক গুড়ো মসলা, আদা, রসুন, দই, অর্ধেক কাঁচালংকা এবং এক চা চামচ লবণ মিশান।করাই এ তেল গরম করে পেঁয়াজ হালকা বাদামি রং করে ভাজুন। মাংস ও ৩ কাপ জল দিন। নেড়ে ঢেকে দিন। মাঝারি আঁচে রান্না করুন। জল শুকোলে মাংস কষান। তেল বের হলে বাকি গুড়ো মসলা দিয়ে নেড়ে নামান। তেল এবং ঝোল ছেঁকে মাংস হাঁড়ি থেকে তুলে রাখুন।  হাঁড়িতে ১/২ কাপ জল দিয়ে ঢেকে ফুটান। জল ফুটে উঠলে চাল, দুধ, লবণ ও চিনি দিয়ে নাড়তে থাকুন। দুতিনবার ফুটার পর কাঁচালংকা দিয়ে নেড়ে ঢেকে দিন। মাঝারি আঁচে ২০ মিনিট রান্না করুন। আগুনের আঁচ খুব কমিয়ে আরও ৫ মিনিট রাখুন। ঢাকনা দেওয়ার পর নামাবার অগে ঢাকনা খুলবেন না। উনান থেকে হাঁড়ি নামিয়ে রাখার ২০
মিনিট পরে ঢাকনা খুলে পোলাওর চালের উপর মাংস ছড়িয়ে দিয়ে আবার হাঁড়ি ঢেকে রাখুন। পরিবেশনের  আগে উপর নিচ করে পোলাওর সাথে মাংস মিশান।

চেন্নাই চিকেন বিরিয়ানি


উপকরণ :

পোলাওয়ের চাল ১ কেজি, এলাচ ৪টি, দারুচিনি ৪টি, তেজপাতা ৪টি, নারকেলের ঘন দুধ চালের ২ গুণ, লবণ পরিমাণমতো, চিনি ১ টেবিল চামচ, বাটার কোয়াটার কাপ।
দেশি মুরগি ৩ কেজি, টক দই ১ কাপ, পোস্ত বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজ বাটা আধ কাপ, লবণ পরিমাণমতো, গোলাপজল ১ টেবিল চামচ, আলুবোখারা ৫টি, মিষ্টি দই কোয়াটার কাপ, আলু ৩টি মাঝারি সাইজের, জৈত্রী গুড়ো আধ চা চামচ, ক্ষীর গুড়ো আধ কাপ, নারিকেল বাটা ১ চা চামচ, বাদাম বাটা ১ টেবিল চামচ, গরম মসলার গুড়ো আধা চা চামচ, কিশমিশ ১০ পিস, কাজুবাদাম ১০ পিস, নারকেল কুচি পরিমাণমতো, কয়লা ৪ টুকরা, কাঁচা লংকা ১২টি, দুধ আধ কাপ,ভেজিটেবল অয়েল ১ কাপ।

প্রস্তুতপ্রণালি :

পোলাও রান্না :চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। প্রেশার কুকারে ঘি দিয়ে তাতে এলাচ, দারুচিনি, তেজপাতা, লবণ দিয়ে একটু ভাজা হলে নারকেলের দুধ দিন। পোলাও ফুটে উঠলে চিনি দিন।
মাংস রান্না : মোরগ পছন্দমতো টুকরো করে নিন ।আধ কাপ দুধের ভেতর জৈত্রী গুড়ো, গরম মসলার গুড়ো, বাদাম বাটা, নারকেল বাটা, গোলাপজল দিয়ে গুলিয়ে রাখুন। গরম তেলে পেঁয়াজ ভাজা করে নিন। আলু ভেজে নিন। বাদাম, কিশমিশ, নারকেল ভেজে নিন। কাঁচা লংকা সিদ্ধ করে জল ফেলে দিন। মাংসের মধ্যে পেঁয়াজ বাটা, টক দই, লবণ, তেল, আদা, রসুন, আলুবোখরা, পোস্ত বাটা দিয়ে মাখিয়ে রান্না করুন। মাংস একটু সিদ্ধ হয়ে এলে কাঁচা লংকা, আলু দিয়ে মাংস রান্না করুন। তারপর তেল উঠে এলে নামিয়ে নিন। তারপর পোলাও কুকার থেকে ১ ভাগ রেখে মাংসের লেয়ার দিয়ে কিশমিশ, বাদাম, নারিকেল কুচি, পেঁয়াজ বেরেস্তা, তার ওপর আবার পোলাও দিয়ে আবার মাংসের লেয়ার একইভাবে ৩টি লেয়ার দিয়ে ওপরে দুধে ভেজানো মসলার গুঁড়া ছড়িয়ে দিয়ে কয়লার আগুনে ঘি দিয়ে পোলাও ১০-১৫ মিনিট কষান ।
তারপর স্যালাড দিয়ে পরিবেসন করুন। 

আফগান মুর্গ বিরিয়ানি



রাইসএরজন্যঃ বাসমতি চাল ৪ কাপ, লবণ ১ টেবিলচামচ, লবঙ্গ–১০-১২টা, লেবুররস ১ চাচামচ, ঘি ১ টেবিল চামচ।

মাংসের জন্যঃ মুরগির মাংস ২ কেজি, পেঁয়াজ কুচি ২ কাপ,আদাবাটা ১ টেবিলচামচ, রসুন বাটা ১ টা আস্ত, টকদই ১ কাপ, গরমমশলা গুড়ো ১ চাচামচ,লবণ ২ চাচামচ, চিলি ফ্লেক্স ২ চাচামচ ,লংকা গুড়ো ২ চাচামচ ,জিরা(আস্ত) ১১ চাচামচ, ধনে গুড়ো ১ চাচামচ, তেজপাতা ৪ টা, আলুবোখারা ১০/১2 টা,কালো এলাচ ৪ টা লবঙ্গ ৪/৫ টা, দারচিনি ১/২ টা, শাহজিরা ১/২ চাচামচ , আস্তগোলমরিচ ১ চাচামচ, জায়ফল(আধাভাঙ্গা) ২টা ,এলাচ ১০/১২ টা, জৈত্রী ১ চাচামচ, জাফরান১চিমটি

ভাপার জন্যঃ- ১ চাচামচ জিরা ,অল্প করে কেওড়াজল ,গোলাপজল ,লাল/কমলাফুডকালার ,পুদিনা পাতা  ও ধনে পাতা।

প্রণালীঃ
তেলে পেঁয়াজ বাদামি করে ভেজে নিতে হবে।তেল থেকে অর্ধেকেরও বেশি পেয়াজ তুলে  টাওয়ালে আলদা করে রাখতে হবে। তেলে মাংস ছেড়ে গিয়ে কিছুক্ষণ ভাজতে হবে , আদা- রসুন পেস্ট দিয়ে মাংস কিছুক্ষণ কষাতেহবে। মুরগির জন্য রাখা সব মশলা দিয়ে ৩/৪ মিনিট ঢেকে রাখত হবে , কিছুক্ষণ পর জাফরান দিয়ে আবার ৩/৪ মিনিট ঢেকে রাখতে হবে। জল শুকিয়ে তেল আলাদা হলে তুলে রাখা বাকি পেয়াজ আর টক দই একসাথে পেস্ট করে নিয়ে সেটা মাংসতে দিয়ে দিতে হবে। রান্না হয়ে গেলে ১ চা চামচ গোলাপ জল ও কেওড়া জল দিয়ে নামিয়ে রাখতে হবে।
পাত্রে বেশি করে জল নিয়ে সেটাতে লবণ আর লবঙ্গ দিয়ে ঢেকে রেখে জল ফুটাতে হবে। জল ভালো ভাবে গরম হয়ে গেলে চাল দিয়ে তাতে ১ চা চামচ লেবুর রস আর ১ টেবিল চামচ ঘি দিতে হবে। চাল ৬০% সিদ্ধ হলে জল ঝরিয়ে নিতে হবে। তারপর পাত্রে একটু জিরা ভেজে অর্ধেক চাল দিয়ে মুরগির মাংস আর তার উপর বাকি চাল দিতে হবে। একেবারে উপরে খাবার রং, গোলাপ জল,কেওড়া জল , পুদিনা পাতা ও ধনে পাতা দিয়ে ৩০ মিনিট ভাপে রাখতে হবে। হয়ে গেল আফগান মুর্গ বিরিয়ানি।  

সুলতানি চিকেন বিরিয়ানি



প্রণালী :ময়দা ১ কাপ ,গরম জল প্রয়োজন মত ,জাফরান সামান্য,দুধ আধ কাপ,ঘি ২ টেবিল চামচ ,পুদিনা পাতা কুচি ১ কাপ ,ধনে পাতা কুচি ১ কাপ, কাচা লঙ্কা কুচি  পরিমান মত,পেয়াজ কুচি ৩ টি বড় ,কাজুবাদাম: ৮-১০ টি ,পেস্তাবাদাম:৮-১০ টি ,কিসমিস: আধ কাপ।

মাংসের উপকরণ:

মুরগি: ১ কেজি বড় করে টুকরা করা,তেল ৩/৪ কাপ ,আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ,গরম মসলা গুড়ো,অথবা বিরিয়ানি মসলা8 টেবিল চামচ,লবন প্রয়োজন মত,লেবুর রস ২ টেবিল চামচ ,টক দই  ৩ কাপ।

বিরিয়ানির ভাত রান্নার উপকরণ :

বাসমতি চাল: আধ কেজি ,তেজপাতা ২ টি ,এলাচ: ৫ টি ,দারুচিনি: ২ টুকরা ,লবন: ১ টেবিল চামচ

প্রণালী:

মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন।  মাংসের সব উপকরণ বিরিয়ানি রান্নার হাড়িতে মিশিয়ে ২-৩ ঘন্টা একটু ঠান্ডা জায়গায় রেখে দিন, ময়দায় গরম জল দিয়ে মেখে তৈরী করে রাখুন। জাফরান দুধে ভিজিয়ে রাখুন।  পেয়াজ বেরেস্তা করে এক পাশে রাখুন।  ২ রকমের বাদাম তেল এর মধে হালকা ভেজে নিন। একটি বড় হাড়িতে জল গরম বসান। জল গরম হলে তাতে ভাত রান্নার উপকরণ(চাল বাদে) দিন। জল ভালো মত ফুটলে  চাল ছেড়ে দিন। চাল আধা ফুটে গেলে চালনির নিচে কোনো বড় পত্র দিয়ে ছেঁকে নিন যাতে কিছু মাড় অবশিষ্ট থাকে। আরেক পাশে মাংসের হাড়ি টি আগুনের উপর অল্প আচে বসিয়ে মাংসের উপর পেয়াজ বেরেস্তা, পুদিনা, ধনেপাতা, কাচা লঙ্কা, বাদাম, কিসমিস সুন্দর করে ছড়িয়ে দিন।  এবার আধা ফোটা চাল মাংসের উপর বিছিয়ে দিন। চালের উপর ঘি, জাফরান ভিজানো দুধ আর  ১ কাপ ভাতের মার ছড়িয়ে দিন।  এবার মাখা ময়দা দিয়ে পাত্রের চারপাশে ছড়িয়ে ভালো করে ঢেকে দিন। এলুমিনিয়াম ফয়েল পেপার থাকলে ময়দার বদলে সেটা বেবহার করা যেতে পারে. অল্প আচে এভাবে ২৫-৩০ মিনিট রান্না করুন।  বিরিয়ানির সুগন্ধ বের হলে বুঝতে হবে রান্না হয়ে গিয়েছে। তোলার সময় পাত্রের সাইড থেকে চাল ও মাংস একসাথে তুলে সালাদ দিয়ে পরিবেশন করুন।
এই বিরিয়ানি ওভেন এও করা যায়। সে ক্ষেত্রে ওভেন প্রুফ পাত্র ব্যবহার করতে হবে।  ১১০° তে পাত্রকে এলুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে ভালো মত ঢেকে ৩০ মিনিটের মত(অথবা বিরিয়ানির সুগন্ধ বের হওয়া পর্যন্ত) কুক করুন।

তন্দুরি চিকেন বিরিয়ানী



উপকরণ ১:
মুরগি এক কেজি চার টুকরো ,আদা রসুন বাটা দুই চা চামচ,গরম মশলা গুরো এক চা চামচ,তন্দুরি মসলা দুই চা চামচ,লেবুর রস দুই টেবিল চামচ,ঘি দুই টেবিল চামচ,সয়াবিন তেল দুই টেবিল চামচ,টক দই পৌনে এক কাপ,লবণ স্বাদমতো জাফরান পছন্দ মত।
উপকরণ ২:
পোলাওয়ের চাল ৫০০ গ্রাম,গরম জল দেড় লিটার,আদা বাটা এক চা চামচ,আস্ত এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ তিনটি করে,কাঁচা লংকা পাঁচটি,লবণ স্বাদমতো,গুঁড়ো দুধ এক টেবিল চামচ,চিনি এক চা চামচ,পেঁয়াজ কুচি আধ কাপ,ঘি এক কাপ,গোলাপ জল এক টেবিল চামচ।

প্রণালি ১:
মুরগি চার টুকরা করে ধুয়ে ভালোভাবে জল নিংড়ে নিন। মুরগির গায়ে ছুরি দিয়ে আঁচড় কেটে দিন।সব উপকরণ দিয়ে মুরগি ম্যারিনেট করে রাখুন দুই ঘণ্টা।এবার মুরগির টুকরাগুলো ২০ মিনিট গ্রিল করুন।হালকা বাদামি রং হবে।
প্রণালি ২:
হাঁড়ি চাপিয়ে ঘি দিন।গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। অর্ধেক পেয়াজ ভাজা তুলে রাখুন।এবার গোটা গরম মসলা দিয়ে আগে থেকে ধুয়ে রাখা চালে আদা বাটা দিন।চাল সামান্য ভেজে জল দিন। গুঁড়ো দুধ ও লবণ দিয়ে নেড়ে ঢেকে দিন।চাল ফুটে উঠলে কাঁচা লংকা, চিনি ও মটরশুঁটি দিয়ে নেড়ে ঢেকে দিন।পোলাওয়ের জল টেনে এলে অর্ধেক পোলাও উঠিয়ে গ্রিল করা মাংস দিয়ে বাকি পোলাও দিয়ে ঢেকে ওপরে কেওড়া জল ছড়িয়ে ৩০ মিনিট ভাপান।তুলে রাখা পেঁয়াজ ভাজা মিশিয়ে নিন। হয়ে গেলে বাটিতে ঢেলে পরিবেশন করুন। 

চিকেন বিরিয়ানি



উপকরণঃ মুরগির মাংসের ৮ টি বড় টুকরো, বাসমতি চাল – ১ কেজি , গোলমরিচ – ৫ টি, টকদই – ১ কাপ , আদা, রসুন বাটা – ১ টেবিল চামচ করে , এলাচ, দারচিনি, লবঙ্গ, হলুদ, ধনে, জিরা গুঁড়া – ১/২ চা চামচ করে , লংকা গুড়ো – ১ চা চামচ , পেঁয়াজ কুচি – ১ কাপ , টমেটো – ২ টি (টুকরো করা) , গরম মশলা গুড়ো  – ১ চা চামচ , বিরিয়ানি মশলা – ১ চা চামচ , গোলমরিচ গুড়ো – ১/২ চা চামচ , মেথি – ১/২ চা চামচ , লেবুর রস – ২ টেবিল চামচ , কাঁচালংকা – ৫ টি (কুচি) , পুদিনা পাতা কুচি – ১ টেবিল , ধনেপাতা কুচি – ২ টেবিল চামচ , দুধ – ১/২ কাপ (জাফরান মিশানো) , লবণ – পরিমাণমতো , তেল – ১ কাপ , ঘি – ৩ টেবিল চামচ।

প্রণালিঃ  চাল ১০ মিনিট ভিজিয়ে রেখে আস্ত গরম মশলা ও লবণ দিয়ে সিদ্ধ করুন । মুরগির মাংস, টকদই, হলুদ, ধনে, জিরা গুড়ো, মরিচ গুড়ো, আদা, রসুন বাটা একত্রে মেখে ১ ঘণ্টা ম্যারিনেট করুন । তেল গরম করে পেঁয়াজ বাদামি করে ভেজে টমেটো দিয়ে ভুনে নিন । এবার ম্যারিনেট করা মাংস দিয়ে কষিয়ে নিন । প্রায় সিদ্ধ হয়ে গেলে লেবুর রস, মেথি, গোলমরিচ গুড়ো, গরম মশলা গুড়ো, বিরিয়ানি মশলা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করুন । জল শুকিয়ে তেল ভেসে উঠলে নামিয়ে নিন । এবার একটি বড় পাত্রে প্রথমে রান্না করা মাংস, তার উপর সিদ্ধ চাল, কাঁচালঙ্কা, পুদিনা পাতা, ধনেপাতা কুচি দিয়ে পুনরায় এভাবে আরেকটি লেয়ার করে তার উপর দুধ, ঘি ও লবণ ছিটিয়ে দিয়ে ভালো করে ঢেকে ৩০ মিনিট পর  নামিয়ে নিয়ে পরিবেশন করুন ।

Menu

Menu

1. চিকেন বিরিয়ানি